দুর্গাপুরের রামকৃষ্ণ এভিনিউ এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি লুডুর বোর্ড। এই বোর্ডে সাপের মাথায় কার্টুন আকারে বসানো হয়েছে বিজেপির শীর্ষ নেতাদের ছবি, আর অন্যদিকে মই বা সিঁড়ির ঘরগুলিতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। শুধু বোর্ড বিতরণেই থেমে থাকেনি আয়োজকরা সঙ্গে পথচলতি মানুষদের ঠান্ডা পানীয়ও দেওয়া হচ্ছে, যাতে প্রচার আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের খেলাচ্ছলে প্রচার সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে কার্যকরী হচ্ছে এবং এতে মানুষের আগ্রহও বাড়ছে। তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি দাবি করেন, বিজেপিকে ভোট দিলে ক্ষতির সম্ভাবনার ইঙ্গিতও এই প্রতীকের মাধ্যমে বোঝানো হচ্ছে। অন্যদিকে, এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্রের মতে, এই ধরনের প্রচারে মানুষের মন জেতা সম্ভব নয় এবং রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবে। সব মিলিয়ে, নির্বাচনের ময়দানে ‘সাপ-লুডু’ এখন শুধুই খেলা নয় এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব মাধ্যম।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এবার সাপ লুডো খেলা রাজনীতির আঙিনায়। রাজ্য সরকারের উন্নয়নের প্রচারের এক নতুনত্ব অভিনব প্রচারকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরে বিধানসভা নির্বাচনের আবহে একেবারে ভিন্ন স্বাদের প্রচার কৌশল নিয়ে হাজির হয়েছে তৃণমূল কংগ্রেস। ‘সাপ-লুডু’ খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে ইস্পাত নগরীতে।
No comments:
Post a Comment