DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, January 25, 2026

জাতীয় ভোটার্স ডে উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে WBVBDS এর উদ্যোগে সামাজিক সচেতনতা সভা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র উদ্যোগে Gen Z–কে স্বেচ্ছা রক্তদান ও ভোটদানের আহ্বান জানিয়ে জাতীয় ভোটার্স ডে উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে মহতী সভা
জাতীয় ভোটার্স ডে উপলক্ষে ২৫ জানুয়ারি ২০২৬, কলকাতা প্রেস ক্লাবে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি (WBVBDS)-র উদ্যোগে এক বিশেষ সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্ম—বিশেষত Gen Z–এর কাছে ভোটাধিকার ও স্বেচ্ছা রক্তদানের সামাজিক গুরুত্ব তুলে ধরা।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি দীর্ঘ সময় ধরে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে একটি সুসংগঠিত সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সংগঠনের শাখা, নিয়মিত রক্তদান শিবির, দুর্যোগকালীন রক্ত সহায়তা এবং যুব সমাজকে যুক্ত করে ধারাবাহিক সচেতনতা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে।
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে অনুষ্ঠিত সংগঠনের রাজ্য সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি সামনে আসে—আগামী দিনের সমাজ গঠনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবচেয়ে বড় সম্ভাবনা হলো নতুন প্রজন্ম, যাদের আমরা Gen Z নামে চিনি।
বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এই প্রজন্ম সামাজিকতার ধারণা জানলেও বাস্তব সামাজিক বন্ধন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। বাস্তব জগতের তুলনায় ডিজিটাল জগতে অতিরিক্ত নির্ভরশীলতার ফলে একাকীত্ব, মানসিক অবসাদ, আত্মহত্যার প্রবণতা এবং সামাজিক বিচ্ছিন্নতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই শূন্যতার সুযোগ নিচ্ছে বিভাজনমূলক শক্তি, অন্ধ কুসংস্কার ও ভ্রান্ত চিন্তাধারা।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি মনে করে, এই সংকট থেকে মুক্তির অন্যতম কার্যকর ও মানবিক পথ হলো স্বেচ্ছা রক্তদান আন্দোলন। নিয়মিত রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না—এটি রক্তদাতার শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজের সঙ্গে তার গভীর সংযোগ তৈরি করে। আসন্ন গ্রীষ্মকাল এবং নির্বাচন-উত্তর সময়ে রাজ্যের ব্লাড সেন্টারগুলিতে রক্তের যোগান বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় সংগঠনের সবচেয়ে বড় ভরসা সদ্য ১৮ পেরোনো তরুণ প্রজন্ম। এ বছর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর কালজয়ী কবিতা “আঠারো বছর বয়স”-এর প্রাসঙ্গিকতা স্মরণ করেই WBVBDS-এর বিশেষ আহ্বান— যারা রক্তদানের ছাড়পত্র পাচ্ছেন, তাঁরা যেন ভোট দেওয়ার পর হাতে ভোটের কালি থাকা অবস্থাতেই রক্তদানে এগিয়ে আসেন।
*এই কর্মসূচির মূল বার্তা— “ভোটদান আপনার অধিকার, রক্তদান আপনার দায়িত্ব।”*
পশ্চিমবঙ্গের প্রচলিত ৬টি ভাষায় এই সচেতনতা বার্তা বিশেষভাবে সদ্য ভোটাধিকারপ্রাপ্ত Gen Z প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে। *আগামী এক বছরে অন্তত ২ লক্ষ যুবক-যুবতীর কাছে এই আবেদন পৌঁছানো এবং ২০ হাজার নতুন স্বেচ্ছা রক্তদাতা ও সচেতন ভোটার তৈরি করাই সংগঠনের লক্ষ্য।*
এই কর্মসূচির অংশ হিসেবে একটি QR কোড প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে নতুন ভোটাররা ভোটদানের পর রক্তদান করে ছবি ও তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই নতুন প্রজন্মের রক্তদাতাদের নিয়েই আগামী ১৪ জুন ২০২৬ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।সংগঠনের পক্ষ থেকে পুরোনো ও নিয়মিত রক্তদাতাদের প্রতিও আবেদন জানানো হয়েছে—এই সময়কালে সবাই যেন অন্তত একবার করে রক্তদান করেন।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্তদান (পুরুষদের ক্ষেত্রে তিন মাস অন্তর এবং নারীদের ক্ষেত্রে চার মাস অন্তর) মানসিক অবসাদ কমাতে সহায়ক এবং ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, হরমোনজনিত সমস্যা ও অকাল বার্ধক্যের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি সারা রাজ্যে সহযোগী সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগে মোট ১,৫৮,৮১২ ইউনিট রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালে সংগঠনের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ। এই মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ মাননীয় রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোস মহাশয় স্বেচ্ছা রক্তদান আন্দোলনের প্রচার ও প্রসারের জন্য সংগঠনটিকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী কবি ঘোষ। থিম সং প্রকাশ করেন ডা. পল্লব কুমার দে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ছয়টি ভাষায় প্রস্তুত সচেতনতা পোস্টারের উদ্বোধন করেন প্রাক্তন চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ, বিশিষ্ট প্রশাসক শ্রী নুরুল হক (আই.এ.এস., অবসরপ্রাপ্ত)। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডা. কাজল কৃষ্ণ বণিক এবং শ্রী স্মরজিৎ রায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (স্বেচ্ছা রক্তদান)।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, দূরভাষের মাধ্যমে এই উদ্যোগের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর ডা. স্বপন সরেণ। সকল বক্তাই এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সফল করার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। বহু সাংবাদিক সহ উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত, নুরুল হক , ফজলুল হক, শর্মিলা ঘোষ, বিনয় ভকত, ভাস্কর ঘোষ, সুলতা দাস, দীপঙ্কর মিত্র ও আইনজীবী আইয়ুব আনসারী। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি বিশ্বাস করে—
মানবিকতা, ঐক্য ও দেশপ্রেমের পথে নতুন প্রজন্মকে ফেরাতে স্বেচ্ছা রক্তদান আন্দোলন আজ সময়ের দাবি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot