DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, January 1, 2023

দুর্গাপুরে শুরু হলো দশ দিনের কল্পতরু উৎসব। প্রথম দিনই চরম বিশৃঙ্খলার অভিযোগ সংবাদমাধ্যমের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরে শুরু হলো কল্পতরু উৎসব। গতকাল সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী এবং দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দশ দিন চলবে এই মেলা ।এই মেলার পুরনো ইতিহাস হল, ওই এলাকার সাধু ডাঙ্গা কালিকানন্দ আশ্রমে কল্পতরু উৎসব উপলক্ষে পয়লা জানুয়ারি থেকে দশ দিন ধরে শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের পুজো ও মেলা হত। মেলায় ভিড় বাড়তে থাকায় জায়গার সমস্যার কারণে এই মেলা উঠে চলে আসে স্টেশন রোড সংলগ্ন ডি পি এল এলাকার গ‍্যামন ব্রিজ ফুটবল ময়দানে । ১৯৭৭ সালে বাম আমলে ডিপিএলের পৃষ্ঠপোষকতায় চলা ওই মেলায় যুক্ত হয় কৃষি মেলা শিল্প মেলা বইমেলা। এছাড়া প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হত।
কল্পতরু শব্দটির জায়গায় নতুন নাম হয় দুর্গাপুর সাংস্কৃতিক মেলা। তবুও মানুষের মুখে এই মেলা কল্পতরু মেলা বলেই প্রচলিত ছিল।  রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর আবারও কল্পতরু শব্দটি ফিরে আসে নামকরণ হয় কল্পতরু উৎসব । এবার মেলায় ৬৫৬ টা স্টল থাকবে এছাড়া বেশ কিছু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বিনামূল্যে স্টল দেওয়া হয়েছে। প্রথম দিনই মেলায় উপচে পড়েছে ভিড়। 

তবে এই মেলার পরিচালনার দায়িত্বে থাকা নতুন কমিটির সদস্যদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন বেশ কিছু দুর্গাপুরের সিনিয়র সাংবাদিকরা। মেলার উদ্বোধন ঘিরে এদিন চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের বলে দুঃখ প্রকাশ করেন। যদিও এই মেলার পুরনো কমিটির যারা ছিলেন তাদের সকলকেই বাদ দেয়া হয়েছে এবছরের মেলায়। এবং তাদের মধ্যে নয়ন মালাকার নামে যে ব্যক্তি এই মেলা পরিচালনা করতেন তিনি খুব সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতেন বলে অনেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মন্তব্যে এই কথাই উঠে আসে এদিন। কিন্তু এ বছর তাদেরকে বাদ দিয়ে নতুন মেলা কমিটি যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তারা মেলা সম্বন্ধে এবং মেলা পরিচালনা সম্বন্ধে যথেষ্ট অজ্ঞ বা মেলা পরিচালনার ধারণা নেই বলে মনে করছেন সাংবাদিক মহল। যদিও মেলার কোষাধক্ষের দায়িত্ব থাকা দীপঙ্কর লাহা দুঃখ প্রকাশ করে জানিয়েছেন পুরো ব্যাপারটি তিনি জানতেন না। পুরো বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং কৈফিয়ৎ দাবি করবেন। দুর্গাপুরের পুর প্রশাসক এবং মেলার সভাপতি অনিন্দিতা মুখোপাধ্যায় তিনিও মেলা  পরিচালনা কমিটির সদস্যদের এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot