দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে একাধিক দাবিতে টানা ৫৫ দিন ধরে ধর্না চালিয়ে যাচ্ছে দিশম আদিবাসী গাঁওতা। শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে শনিবার উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির পাট্টা, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত হয়েছে। সেই কারণেই নির্বাচনের আগে ছয় দফা দাবিকে সামনে রেখে এই লাগাতার ধর্না শুরু করা হয়েছে।
তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে।
ধর্নামঞ্চে এসে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, প্রাক্তন সরকার আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি পূর্ণমন্ত্রী হিসেবে সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখছেন। এলাকার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘড়ুই এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।এছাড়াও কাঁকসার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বিভিন্ন সমস্যার বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
No comments:
Post a Comment